স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, প্রয়োজনীয় জনবল ছাড়াই কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের মাধ্যমে এ খাতে আমূল পরিবর্তন আনা হবে।