অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের সংগঠন ‘অ্যালায়েন্স কমিউনিটি ক্লাব’ (ACC)-এর উদ্যোগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত গ্রীষ্মকালীন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। গতকাল ১০ অক্টোবর, শনিবার নিউ সাউথ ওয়েলসের বার্ডিয়ার ম্যাক্সওয়েল ক্রিক ওভালে (Maxwell Creek Oval) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে। কর্মমুখী ও সমমনা যুবকদের নিয়ে গঠিত এই ক্লাবের আয়োজনে এটি দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট।
উদ্বোধনী দিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘যমুনা’ এবং ‘মেঘনা’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেঘনা। এরপর বিকেলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ‘ব্রহ্মপুত্র’ এবং ‘পদ্মা’, যেখানে পদ্মাকে হারিয়ে জয়লাভ করে ব্রহ্মপুত্র।
নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ও বৈচিত্র্যময় পরিচয়কে প্রবাসে তুলে ধরার লক্ষ্যে টুর্নামেন্টের দলগুলোর নামকরণ করা হয়েছে দেশের প্রধান চারটি নদীর নামে— ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা ও পদ্মা। বর্তমানে শতাধিক সদস্যের এই ক্লাবের অভ্যন্তরীণ খেলোয়াড়দের মধ্য থেকেই লটারির মাধ্যমে দলগুলো গঠন করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ক্লাবের সভাপতি গাজী আতিকুর রহমান এবং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল খান জানান, মূলত স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রবাসে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতেই এই ক্লাবের যাত্রা শুরু। দিনব্যাপী ক্রিকেট খেলার পাশাপাশি প্রতিটি ম্যাচকে পরিবারের সব সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দঘন ও উৎসবমুখর সামাজিক মিলমেলায় পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের।
ক্লাবটির সিনিয়র উপদেষ্টা আসলাম মোল্লা জানান, এবারের আয়োজনটি একটি ‘টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট’। মাসব্যাপী এই আসরের অধিকাংশ খেলা প্রতি শনি ও রবিবার ম্যাক্সওয়েল ক্রিক ওভালে অনুষ্ঠিত হবে, যা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের সমাপনী দিনে সিডনির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ গালা ডিনার ও পুরস্কার বিতরণী সন্ধ্যার আয়োজন করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে ক্লাবের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ জিয়াউল কবির জীহন সিডনির সর্বস্তরের প্রবাসী বাঙালিদের মাঠে এসে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের এই সামাজিক ও ক্রীড়ামুখী পথচলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক মেলবন্ধন, বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার হবে এবং ক্রিকেটকে কেন্দ্র করে সিডনি প্রবাসী বাঙালিদের মাঝে তৈরি হবে একটি দারুণ প্রাণবন্ত পরিবেশ।