বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকরি করেন। তাঁর কর্মস্থল কিশোরগঞ্জ জেলা সদরে হওয়ায় তিনি সেখানে থাকেন। তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে ঢাকায় ছিলেন। ঘটনার সময় বাড়িতে আজিজুল হকের ৭০ বছর বয়সী মা জোয়েদা খাতুন, ৪৫ বছর বয়সী বোন ও এক ভাগনি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রাত ৪টার দিকে তিন থেকে চারজন ডাকাত বাড়ির সদর দরজার তিনটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ঘরে ঢুকে ডাকাতেরা আম্বিয়া খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাসলিমা খাতুনের গলায় চাপাতি ধরে তাকে জিম্মি করা হয়।
এরপর ডাকাতেরা বাড়ির তিনটি কক্ষের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে মালামাল তছনছ করে। তারা তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার, জমি কেনার জন্য রাখা তিন লাখ টাকা, মুঠোফোন, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের হিসাব অনুযায়ী, লুট হওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
আজিজুল হক বলেন, খবর পেয়ে ভোরে বাড়িতে এসে তিনি দেখতে পান, ডাকাতেরা ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের কাছে বারবার জমি কেনার টাকা কোথায় রাখা হয়েছে জানতে চাচ্ছিল। টাকা কোথায় রাখা হয়েছে জানাতে দেরি হওয়ায় তাঁর বৃদ্ধ মা জোয়েদা খাতুনকে মারধর করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।