একটি ব্রোঞ্জ পদক। ২২টি ডিসিপ্লিনে অংশ নেওয়া বাংলাদেশের এশিয়ান গেমসের পুরো অর্জন শেষ পর্যন্ত আটকে গেছে এই এক পদকেই। ফলাফল নিয়ে হতাশা ছিলই, এর সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার সেই দুই বিষয়কে সামনে রেখেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি পরিবর্তনের বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের অ্যাথলেটদের জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এশিয়ান গেমস প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ-এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
ফলাফল খারাপ হওয়াকে তিনি খেলার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করার সময় খেলোয়াড়দের আচরণ নিয়ে কোনো ছাড় দিতে চান না। তার বক্তব্যে তাই হার-জয়ের চেয়ে শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদী অনুশীলন করানো হবে। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব। এর মাঝে টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণ করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দেরও জবাবদিহিতা করতে হবে।’
এই বক্তব্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রচলিত স্বল্পমেয়াদি সাফল্যের প্রত্যাশার বাইরে যাওয়ার ইঙ্গিতও রয়েছে। এখনই পদক চাইতে গিয়ে প্রস্তুতির ঘাটতি তৈরি করার বদলে দীর্ঘ সময় ধরে অ্যাথলেটদের প্রস্তুত করার পরিকল্পনা সামনে এসেছে।
সেই পরিকল্পনার পরীক্ষাও হতে পারে প্যারা এশিয়ান গেমসে। ছয়টি ডিসিপ্লিনে ১২ জন অ্যাথলেট নিয়ে এই আসরে অংশ নেবে বাংলাদেশ। আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়াতে লড়বেন বাংলাদেশের প্রতিনিধিরা।
এই দলের প্রস্তুতিতেও দেওয়া হয়েছে দীর্ঘ সময়। প্যারা এশিয়ান গেমস সামনে রেখে ৭০ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিকসে চৈতী রাণী এবং আর্চারিতে ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে।
শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় রেখে অ্যাথলেটদের সঙ্গে থাকবেন আরও ছয় থেকে সাতজন সহায়ক সদস্য। পাঁচটি ডিসিপ্লিনে থাকবেন একজন করে কোচ। প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের মোট কন্টিনজেন্ট ৩২ সদস্যের।
পদক হয়তো একটি সংখ্যায় হিসাব করা যায়, কিন্তু একটি দেশের জার্সির মূল্যায়ন শুধু পদক দিয়ে হয় না-আমিনুল হকের বক্তব্যে এবার সেই বার্তাই স্পষ্ট। সামনে পাঁচ বছর, আর সেই সময়ের মধ্যে শুধু পদক নয়, দায়িত্বশীল ও প্রস্তুত অ্যাথলেট তৈরির পরীক্ষাও দিতে হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে।