সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির প্রয়াত নেতা এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন গ্রামে এম সাইফুর রহমানের নিজ বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
পরে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সদর উপজেলা বিএনপির নেতারা বলেন, নবগঠিত কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেজুল আহমদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম টুটুলসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মো. ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হেলু মিয়াসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত, শান্তি ও নাজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।