মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সংযোগকারী হুক (কাপলিং) ছিঁড়ে ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গভীর বনাঞ্চলের মধ্যে ট্রেন আটকে পড়ায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেলপথ অতিক্রম করার সময় হঠাৎ বগিগুলোর সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ইঞ্জিন ও সামনের অংশ কিছুটা এগিয়ে গেলেও পেছনের যাত্রীবাহী বগিগুলো রেললাইনে থেমে যায়।
হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অনেকে ট্রেন থেকে নেমে ঘটনাস্থলে অবস্থান করেন। বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, ‘বিকেল আনুমানিক ৩টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে ট্রেনের বগির হুক ছিঁড়ে যায়। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি জানান, খবর পাওয়ার পর শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে রেলওয়ের কারিগরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বগি ও ইঞ্জিনের সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংযোগ মেরামত সম্পন্ন হওয়ার পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
হুক ছিঁড়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।