নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে গত বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ সোহেল রানা এবং আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১১জন আহত হন।
এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলী সাংবাদিকদের বলেন, পূর্বের হত্যাকান্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে, এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।