প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ও অলংকারদীঘি সমবায় সমিতির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এছাড়াও অলংকারদীঘি সমবায়ীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। একইসঙ্গে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
পরে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।