বিমান বা জাহাজে করে হজে যাওয়া খুবই নিত্যনৈমত্তিক একটা ব্যাপার। তবে সবাইকে অবাক করে দিয়ে বাইসাইকেলে চড়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছে নরসিংদীর বেলাবো উপজেলার সজিব তালুকদার (২৬)।
গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সজিব। তার এই দুঃসাহসিক যাত্রাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সার্কিট হাউজ থেকে সাইকেল যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সজিব তালুকদার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
সাইকেলে হজ যাত্রা সম্পর্কে সজিব জানায়, সাইকেলে চড়ে হজ্বে যাওয়ার একটি স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এই যাত্রা শুরু করেছি।
বাইসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আগামী ২০২৭ সালে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ্ব পালন করাই তার মূল লক্ষ্য।
এর আগে বাইসাইকেলে করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেন তিনি। ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার দুসাহসিক সফল অভিজ্ঞতাও আছে তার।
তাঁর বাবা সালাউদ্দিন তালুকদার জানান, ছেলে সজিব দেশের ৬৪ জেলা সাইকেলে ঘুরেছে। বাবা হিসেবে তার এই সিদ্ধান্ত ও মহৎ উদ্যোগে আমি খুশি। প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার জন্য এ যাত্রা অনন্য দৃষ্টান্ত। তার এই সুদীর্ঘ সফর সফল ও সুগম হোক।
সৌদি আরব পৌঁছাতে সজিবকে পাড়ি দিতে হবে ছয়টি দেশ। সজিবকে বেনাপোল হয়ে কলকাতায় তারপর একে একে দিল্লী, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাতে হবে তাকে। এতে করে তার ৫/৬ মাস লাগতে পারে।
এছাড়া সজিবের মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, মিশর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, লাওস, কম্ভোডিয়া, আজারবাইজানসহ মোত ১৮টি দেশ ভ্রমনের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
পথ পাড়ি দিয়ে হজ শেষ করে আবার সুস্থভাবে দেশে ফিরে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।