ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দকৃত মালামাল ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ ও ৭ সেপ্টেম্বর এসব অভিযান চালানো হয়।
গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামীম আক্তার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে গোবিন্দপুর বিওপির সদস্যরা।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাড জব্দ করা হয়। আটক শামীম আক্তার রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে তাকে জব্দকৃত মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া রাত ৮টা ৫৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকায় দানাজপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অপরদিকে, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরল উপজেলার কইকুরি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এনায়েতপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।