জাতীয় কবি এই জনপদের আপামর শোষিত – বঞ্চিত মানুষের দ্রোহ আর প্রেমকে তাঁর সাহিত্যে ধারণ করেছেন।
শতাব্দীকাল ধরে জাতীয় কবি সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।
গত একশো বছর কবি নজরুল আমাদের রাষ্ট্র ও সমাজের ক্রান্তিলগ্নে আমাদেরকে সাহস যুগিয়ে এসেছেন।
বাংগালী মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় চেতনা আর আবেগকে এই কবি পরম মমতায় তাঁর সৃষ্টিতে ধারণ করেছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কবির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় সংগঠক স্বাধীন মিয়া, ঢাকা মহানগর কমিটির আরিফুল ইসলাম সহ পার্টির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
কবির মাজারে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম ও নেতা কর্মীদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন, শতবছর আগে এই কবি এই জনপদের আপামর মানুষের দ্রোহ, প্রতিবাদ, প্রেম আর প্রত্যাশা তাঁর কবিতা,গান আর লেখনির মাধ্যমে প্রকাশ করেছেন। কবির অসাধারণ সৃষ্টিশীলতা ছিল বাংলা ভাষাভাষি অঞ্চলের নির্যাতীত- নিপীড়িত, শোষিত – লাঞ্চিত মানুষের অব্যক্ত যন্ত্রণা আর আকাংখ্যা- দ্রোহ আর প্রেমের এক অনন্য যুগলবন্দী।কবির আরাধ্য ছিল অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক মানবিক সমাজ গঠনের। সে কারণে ঔপনিবেশিক শাসন – শোষণের পাশাপাশি যাবতীয় ধর্মীয় গোড়ামী আর কূপমন্ডুকতার বিরুদ্ধে কবি ছিলেন এক ব্যতিক্রমী আপোষহীন নিরলস যোদ্ধা।
তিনি বলেন, প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক
সমাজ ও রাষ্ট্র গঠনে শতাব্দীকাল জুড়ে কবি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের রাষ্ট্র ও সমাজের সকল ক্রান্তিলগ্নে জাতীয় কবি আমাদেরকে সাহস যুগিয়ে এসেছেন।আগামীতে তিনি আমাদের ভরসার স্থল হয়ে থাকবেন।
তিনি উল্লেখ কবেন, কবি তার সৃষ্টিশীল জীবনের শেষ দিকে এসে বাংগালী মুসলমানের ধর্মীয় চেতনা আর আবেগকে অসাধারণ দক্ষতা আর মমতায় হামদ্, নাত ও গজলের মাধ্যমে ধারণ করেছিলেন। বাংগালী মুসলমান সম্প্রদায়ের হীনমন্যতা কাটিয়ে উঠতেও করি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কবির প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আগামীতে শোষণ বৈষম্যহীন সাম্যবাদী মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনে জাতীয় কবি আমাদের বাতিঘর হিসাবেই ভূমিকা পালন করবেন।