চট্টগ্রামভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ কে শতভাগ মার্জিন সুবিধা দিয়ে আমদানি করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১৬ আগস্ট) এ বিষয়ে সার্কুলার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে শতভাগ মার্জিন ঋণ সুবিধা দেওয়ায় এখন থেকে বিদ্যুৎকেন্দ্রটির সব পণ্য আমদানিতে রূপালী ব্যাংক পুরো অর্থায়ন করতে পারবে। অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রটিকে বাকিতে পণ্য আমদানি করে দিতে পারবে রূপালী ব্যাংক। ফলে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটিকে এখন থেকে কাঁচামাল আমদানিতে ঋণপত্র খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এসএস পাওয়ার-১ বিদ্যুৎকেন্দ্র। গ্রাহককে শতভাগ মার্জিন সুবিধায় পণ্য আমদানি করার সুযোগ চেয়ে রূপালী ব্যাংক অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংকের কাছে। তাতে সায় দিয়ে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারা প্রয়োগ থেকে অব্যাহতি দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ার-১-এর ওপর ব্যাংক কোম্পানি আইনের ধারা প্রয়োগ হবে না।
আইনে যা আছে
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩ (সংশোধিত ২০২৩) এর ২৭ কক(৩) ধারায় বলা হয়েছে, কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে কোন ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান কোনোরূপ ঋণ সুবিধা প্রদান করিবে না:
তবে শর্ত থাকে যে, ধারা ৫ এর দফ (গগ) এর বিধান অনুসারে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপভুক্ত কোনো খেলাপী ব্যক্তি বা ক্ষেত্রমত, প্রতিষ্ঠান বা কোম্পানি যদি ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা না হয় অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এটা প্রতীয়মান হয় যে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি খেলানি হওয়ার কারণে ওই গ্রুপভুক্ত অন্য কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি হিসেবে গণ্য হবে না।
এবং এরূপ প্রতিষ্ঠান বা কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে তার জারি করা নির্দেশনা অনুযায়ী ঋণ সুবিধা প্রদান করা যাবে।