• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন।

জীবদ্দশায় তাঁর জন্মদিন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হতো আলাদা উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা, আলোচনা, দোয়াসহ নানা কর্মসূচিতে সরব থাকত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল পর্যন্ত। এবার সেই দিনটির বাস্তবতা ভিন্ন। কারণ বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, আছে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার।
বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা-১৭ সংসদীয় আসনের মহাখালী কড়াইল এলাকায় টিঅ্যান্ডটি মাঠে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিয় দেশনেত্রীর ৮২তম জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ২০২৬, শনিবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।ঢাকায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ওই মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে আসা, এরপর তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন—তাঁর রাজনৈতিক জীবন ছিল উত্থান-পতন, আন্দোলন-সংগ্রামে পরিপূর্ণ। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শিখরে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে দলটির গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বারবার প্রমাণিত হয়েছে।

বিএনপির নেতাদের পরামর্শ ও অনুরোধে বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি ১৯৮৩ সালে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপির নেতৃত্ব গ্রহণের পর দ্রুতই তিনি পরিণত হন দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতায়। ১৯৮২ সালে এরশাদ সরকারের ক্ষমতা দখলের পর সামরিক শাসনবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন ঘটে।

এরপর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের সেই সময়টি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তাঁর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ২০০১ থেকে ২০০৬—এই মেয়াদে দ্বিতীয়বারের মতো পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্যও সরকার পরিচালনা করেছিলেন।

‘আপসহীন নেত্রী’ থেকে রাষ্ট্রনায়ক

খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে ‘আপসহীন নেত্রী’ শব্দটি জড়িয়ে আছে। দলীয় নেতাকর্মীদের কাছে তাঁর দৃঢ় অবস্থান ছিল রাজনৈতিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।

তবে তাঁর রাজনৈতিক পথ কখনো মসৃণ ছিল না। ক্ষমতায় থাকা, বিরোধী দলে থাকা, আন্দোলন, রাজনৈতিক সংঘাত, কারাবাস ও দীর্ঘ আইনি লড়াই—সব মিলিয়ে তাঁর জীবনের শেষ কয়েক দশক কেটেছে তীব্র রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে।

বিশেষ করে ২০১৮ সালের পর তাঁর কারাবাস এবং পরবর্তী সময়ে চিকিৎসার জন্য মুক্তি পাওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগলেও বিএনপির রাজনীতিতে তাঁর প্রভাব ছিল অটুট।

শেষ সময়ে রাজনীতির বাইরে থেকেও কেন্দ্রে

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও বিএনপির সিদ্ধান্তগ্রহণ ও নেতাকর্মীদের মনোজগতে খালেদা জিয়ার অবস্থান ছিল অটুট। দলের যেকোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তে তাঁর মতামত, তাঁর রাজনৈতিক অবস্থান এবং তাঁর উত্তরাধিকার আলোচনায় এসেছে।

দলের নেতাকর্মীদের কাছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন; বিএনপির রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক। দলটির নেতাকর্মীরা তাঁকে মায়ের আসনে রাখেন সব সময়।

বিএনপির চেয়ারপারসন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়, যা মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ।

গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে তিনি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস।

বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের পর দলের হাল ধরেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই, নির্যাতন, দীর্ঘ নির্বাসিত জীবন পার করেছেন তারেক রহমান। নির্বাসিত জীবন কাটিয়েও তিনি দলকে সুসংগঠিত রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০ বছর পর আবারও জনগণের বিপুল সমর্থন ও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।

‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ ১৫ আগস্ট তাঁর অনুপস্থিতিতে প্রথম জন্মদিন শোক, শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় তাঁকে স্মরণ করবে বিএনপির অগণিত নেতাকর্মীসহ দেশবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category