মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে কয়েকজন মাদক কারবারি মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ এবং ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।