এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তার জন্য বর্তমান সরকার ও ক্ষমতাসীন বিএনপি দায়ী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া জুলাই সংস্কার সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ক্ষমতায় যাওয়ার পর আর বাস্তবায়ন করা হচ্ছে না।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান হলে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে, তারা ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাইকে বিভক্ত করেছে। নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল জুলাই সংস্কার সনদ বাস্তবায়ন করবে, রাষ্ট্রে পরিবর্তন আনবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা তা বাস্তবায়ন করছে না।
তিনি বলেন, এখন যে বিভাজন সৃষ্টি হয়েছে, তার জন্য বর্তমান সরকার ও ক্ষমতাসীন বিএনপিই দায়ী।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব উপজেলায় অংশ নেবে। বিশেষ করে তিন পার্বত্য জেলায় দলটি গুরুত্ব দিয়ে কাজ করবে, যাতে সেখান থেকে নতুন প্রজন্মের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন।
তিনি বলেন, আমরা চাই পাহাড়ে এমন জনপ্রতিনিধি তৈরি হোক, যারা সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য কাজ করবেন। দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অধিকারবঞ্চনা ও নানা সংকটের মধ্যে রয়েছে। এই সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।
পার্বত্য অঞ্চলের সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। সামরিক কায়দায় খুব বেশি দিন কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। যারা পাহাড়ের বিদ্যমান দ্বন্দ্বকে জিইয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের চিহ্নিত করে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাধানে পৌঁছাতে হবে।
নাহিদ ইসলাম বলেন, যারা আগে পারেনি, আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিতে এসেছি এবং ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, তারা নতুনভাবে ভাবতে চাই। এনসিপি সেই জায়গা থেকে উদ্যোগ নেবে এবং কাজ করবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব এলাকায়, বিশেষ করে পার্বত্য অঞ্চলে এনসিপির জনপ্রতিনিধি নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে।