সৌদি আরব কর্তৃপক্ষ মক্কার মসজিদে হারামে নতুন একটি ডিজিটাল পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে মসজিদে হারামে আগত ও উমরা যাত্রীরা মাতাফ (কাবা চত্ত্বর) এবং সাফা-মারওয়ায় ভিড়ের মাত্রা পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। এর ফলে পবিত্র কাবা তাওয়াফ ও সায়ীর জন্য কম ভিড়যুক্ত পথ বেছে নেওয়া সহজ হবে।
উমরা পালনকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই ফলে আগতদের দুর্ভোগ কমবে। যেকোনো মুহূর্তে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত এলাকায় ভিড়ের সর্বশেষ তথ্য জানা যাবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে মসজিদে হারামে ইবাদতকারী ও উমরাযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।
মসজিদে হারাম ও নববির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে। ফলে উমরা পালনকারীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।