আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, শিরোপা রক্ষার স্বপ্ন বুঝি সেখানেই শেষ হতে যাচ্ছে। কিন্তু এরপরই শুরু হয় অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল করে মোহাম্মদ সালাহদের মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
গ্যালারিতে বসেই সেই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেছেন আন্তোনেলা রোকুজ্জো। তার সঙ্গে ছিলেন মেসির তিন ছেলে—থিয়াগো (১৩), মাতেও (১০) ও সিরো (৮)। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।
ছবিগুলোতে চারজনের গায়েই ছিল আর্জেন্টিনার হোম জার্সি, যার পেছনে শোভা পাচ্ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর। এছাড়া ভিআইপি বক্সে তোলা কয়েকটি ছবিও পোস্ট করেন আন্তোনেলা। সেখানে তার জার্সির পেছনে লেখা ছিল ‘মেসি’ নাম, আর হাতে ছিল হালকা নীল রঙের একটি হার্মেস কেলি ব্যাগ।
শৈশবে দন্তচিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন আন্তোনেলা। তবে পরবর্তীতে সেই পরিকল্পনা বদলে জীবনসঙ্গী হিসেবে মেসির পথচলার সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। বার্সেলোনা, প্যারিস সেন্ট-জার্মেই থেকে শুরু করে বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি—মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই ছায়াসঙ্গীর মতো পাশে থেকেছেন তিনি।