কিশোরগঞ্জের করিমগঞ্জে জেলা পরিষদের ৮৯ শতাংশ জায়গার ওপর আদালতে মামলা চলাকালীন সময়েই জোরপূর্বক স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের মৃত আব্দুল জব্বার মেম্বারের ছেলে কামাল, জামাল, এরশাদ ও বাবুলের বিরুদ্ধে এই অবৈধ নির্মাণকাজের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, করিমগঞ্জের জেলা পরিষদের এই মূল্যবান সম্পত্তিটি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত আব্দুল জব্বার মেম্বারের ছেলেদের সাথে জেলা পরিষদের মামলা চলছে। মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও, আজ ২০ জুন (শনিবার) সকালে আকস্মিকভাবে জেলা পরিষদের ওই জায়গায় ঘর নির্মাণ শুরু করেন জব্বার মেম্বারের ছেলেরা।

এর আগে, গত ২ জুন জেলা পরিষদের প্রশাসক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে কোনো ধরনের স্থাপনা বা ঘর নির্মাণ না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত সরকারি আদেশ ও নিষেধ অমান্য করে আজ (২০ জুন) আবারও জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা চালানো হয় বলে স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা পরিষদের উচ্চমান সহকারী মোঃ হাসিবুর রহমান সবুজ বলেন এই জায়গায় বর্তমানে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আব্দুল জব্বার মেম্বারের ছেলেরা জোর করে ঘর নির্মাণ করতে চাচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সুহেল বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ না করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়ে এসেছিলাম। জেলা পরিষদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। সরকারি সম্পত্তি রক্ষায় এবং আদালতের আদেশ বাস্তবায়নে আমরা সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করব।
এ ঘটনায় এলাকায়া উত্তেজনা বিরাজ করছে। জেলা পরিষদের জায়গা উদ্ধারে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।