ছেলের জোড়া গোল: গ্যালারিতে কেঁদে ফেললেন কুনিয়ার মা
বর্তমান বাংলাদেশ ডেস্ক
/ ৯৫
Time View
Update :
শনিবার, ২০ জুন, ২০২৬
Share
ছবি সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করে লাইমলাইটে চলে এসেছেন ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। আর গ্যালারিতে বসে ছেলের এই রাজকীয় প্রত্যাবর্তন দেখে আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়েছেন তার মা লুজিয়ানা কুনিয়া।
গ্যালারিতে থাকা ক্যামেরায় তার ফুঁপিয়ে কাঁদার সেই আবেগঘন মুহূর্তটি ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ ভাইরাল।
ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে করা এই দুটি গোলই বিশ্বকাপে কুনিয়ার ক্যারিয়ারের প্রথম গোল।
অথচ এই মঞ্চে আসার পথটা তার জন্য সহজ ছিল না। ২০২২ কাতার বিশ্বকাপের আগে তৎকালীন কোচ তিতের অধীনে ব্রাজিল দলে নিয়মিত খেললেও, একদম শেষ মুহূর্তে এসে দল থেকে ছিটকে যান এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় তার।দীর্ঘ চার বছরের অপেক্ষার পর ২০২৬ বিশ্বকাপে তিনি দলে ফিরলেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে কোচ কার্লো আনচেলত্তি তার জায়গায় ইগর থিয়াগোকে খেলান। তবে হাইতির বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দেন ব্রাজিলের এই নতুন ‘নাম্বার নাইন’।
ছেলের এমন ত্যাগ, লড়াই এবং অবশেষে বিশ্বকাপের মঞ্চে জোড়া গোলের সাফল্যই গ্যালারিতে থাকা মা লুজিয়ানাকে আনন্দের কান্নায় ভাসিয়েছে।