সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিটেন্স ও মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ দেশের বিভিন্ন খাতের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান গুরুত্বপূর্ণ। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহীদ জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। একই সঙ্গে খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের সঙ্গে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন জিয়া হার্ট ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এটিকে জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। মরহুম খালেদা জিয়া কখনো দলীয় লোকজনকে কোনো সমিতি বা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার জন্য চাপ প্রয়োগ করেননি।
নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বাস্তব সত্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো.খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর – ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি খন্দকার আব্দুল আউয়াল রিজভী,পিএসসির সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শেখ সাদেক আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন আসিফ ফেরদৌস প্রমুখ। এ সময় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী,জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৯ টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সর হলরুমে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।