নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নং মাধনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাধনগর কাজীপাড়া এলাকায় নবনির্মিত একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মসজিদের উদ্বোধন করেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা উপজেলা বিএনপির ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাধনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এম. সাইদুর রহমান বিটল বিএনপির নেতা ডাঃ আব্দুল আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের আদর্শ প্রচারের অন্যতম কেন্দ্র। নতুন এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আনন্দিত। নতুন মসজিদটি এলাকার ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।