ডিসি ও এসপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাইম হোসেন(২৮) নামে এক আঞ্চলিক প্রতারককে গ্রেপ্তার করেছে নওগাঁর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ও ৩৮ টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩জুন) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
এরআগে গত মঙ্গলবার (২জুন) রাতে নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাইম হোসেন আদমদীঘি উপজেলার নামা পোওতা এলাকার বাবুর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারী উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষধের ব্যবসায়ীর কাছে মোবাইল ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে বলে যে, “আপনার ঔষধ সেবন করে একজন শিশু মারা গিয়েছে| কাজেই ৫ লাখ টাকা না দিলে আপনার নামে এখন মামলা হবে”| এরপর ওই ঔষধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নগদ নাম্বারে বিশ হাজার তিন শত টাকা পাঠিয়ে দেয়| এরপর গত ৩০মে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একই পদ্ধতির মাধ্যমে অপর এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে বলে, “আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়”। কাজেই ৪০হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার নামে মামলা হবে|
এসপি তারিকুল ইসলাম বলেন, এই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখা দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। এরপর তথ্যপ্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ডিবি পুলিশের একটি চৌকস টীম মঙ্গলবার রাতে সান্তাহার থেকে প্রতারক নাইম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়|

এসপি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ করে নিজেকে পুলিশ সুপার কখনও ওসি অথবা কখনও ডিসির আবার কখনও বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দ্বারা প্রতারণার শিকার হয়েছে। এভাবেই সে বেশ কিছুদিন যাবৎ প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-ডিসি ও এসপি পরিচয়দানকারী এই নাইম হোসেন একজন বিশিষ্ট আঞ্চলিক প্রতারক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|
নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না। এবং এধরণের প্রতারককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।