এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের ঢেউয়ে ভারতীয় কর্মীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এইচ–১বি ভিসাধারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুযায়ী, চাকরি হারানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হয়, অন্যথায় দেশ ছাড়তে হতে পারে।
এই ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীকে স্পন্সর করে। ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখতে নতুন কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপ প্রয়োজন হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে।
প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে কর্মী চাহিদায় পরিবর্তন আসছে এবং অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়ছে।
এদিকে বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আনছে। এতে শুধু চাকরি নয়, প্রভাব পড়ছে অনেক প্রবাসী পরিবারের ব্যক্তিগত জীবনেও। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় সেখানে পরিবার গড়েছেন, সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জীবন সাজিয়েছেন। চাকরি হারানোর কারণে এখন সেই স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।