ক্রিকেট দলকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পাকিস্তান ক্রিকেট দলকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (২০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ সাফল্য জাতির জন্য গর্বের এবং আনন্দের। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও দুর্দান্ত পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা প্রমাণ করে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত ও আত্মবিশ্বাসী একটি দল। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা পূরণ করে খেলোয়াড়রা নতুন ইতিহাস সৃষ্টি করেছে।”
জিএম কাদের বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “এই বিজয় শুধু ক্রিকেটের জয় নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক।”