দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ভান্ডারা বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইলগ্রাম এলাকার একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।