ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) এই বন্দর দিয়ে মোট ৪৮ হাজার ৩৭৫ টন শুকনা মরিচ দেশে এসেছে, যার আর্থিক মূল্য ১ হাজার ৩২৯ কোটি ৯১ লাখ টাকা। তবে গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় এবার আমদানি প্রায় এক হাজার টন কমেছে। গত বছর এই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪৯ হাজার ৩৩২ টন, অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি হ্রাস পেয়েছে ৯৫৬ টন।
আমদানিকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবেশী দেশ ভারতে শুকনা মরিচের তীব্র সংকট ও উচ্চমূল্যের কারণেই আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিদেশের বাজার থেকে পণ্য আসার প্রবাহ কমে যাওয়ায় দেশের বাজারে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় এলসি খুলতে পারছেন না।
পণ্যটির বাজার দর বৃদ্ধি প্রসঙ্গে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জানান, “বন্দরে আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। ফলে শুকনা মরিচের দাম বেড়েছে। তবে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে।”