মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আলমগীর হোসেন। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক জনবানী কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
গত ৭ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা সদর থেকে শমশেরনগর ফেরার পথে বড়ছেগ এলাকার পুরাতন পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক আলমগীর হোসেন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার ডান পায়ের তিনটি আঙুলের রগ ছিঁড়ে যায় এবং একটি আঙুল ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সহকর্মী সাংবাদিকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।