পরিবেশবান্ধব এক পৃথিবী গড়ে তুলতে উন্মুখ হয়ে, এবং সমাজের জীবনযাত্রার মানোন্নয়নের দায়বদ্ধতা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন এক সেবামূলক সংস্থা জনকল্যাণ মূলক ফাউন্ডেশন। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে তারা একটি সুন্দর এবং সবুজ পৃথিবী গড়ার উদ্দেশ্যকে প্রাধান্য দিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দীক-এর নেতৃত্বে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই মহত্তম দিনে আমরা মানবতার সেবায় আত্মনিয়োগ করার দৃঢ় শপথ গ্রহণ করেছি। সবুজায়ন ও পরিবেশ রক্ষা আমাদের এই দীর্ঘ পথচলার ক্ষুদ্র একটি সূচনা মাত্র। আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের হৃদয়ে সবুজের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহফুজুর রহমান মাহফুজ, মোঃ আল-আমিন হোসেন, মোঃ ওমর আলী ফারহান এবং মোঃ ইব্রাহিম হোসেন লিংকন, মোঃ ইমন সরকার মোঃ মুন্না ইসলাম। সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি প্রত্যেকের জন্যই ছিল অনুপ্রেরণার উৎস।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী প্রকল্প হাতে নেয়া হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটি ছিল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার সূচনা মাত্র। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই একসাথে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং এই সামাজিক আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার দৃঢ় শপথ নেন।