জঙ্গি সমস্যা মোকাবিলায় ওলামায়ে কেরামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, জঙ্গিসংক্রান্ত বিষয়ের সমাধানে কেবল প্রশাসনিক ব্যবস্থাই সমাধান আনতে পারে না। এই সমস্যার সমাধানে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করলে কার্যকর সমাধান পাওয়া যায়।
গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশের ওপরে আস্থা রাখতে চাই। একই সঙ্গে আমরা অনুরোধ করব, জঙ্গি হামলাসংক্রান্ত তদন্ত ও ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা আনতে হবে এবং সব কার্যক্রম বস্তুনিষ্ঠ হতে হবে।’
জঙ্গিসংক্রান্ত বিষয় সামনে রেখে বিগত সময়ে নিরীহ আলেম–ওলামাদের ওপরে অন্যায্য নিপীড়ন করা হয়েছে বলে দাবি করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়েছে; কিন্তু সাধারণ আলেম-ওলামা ও ইসলামপন্থীরা জুলুমের শিকার হয়েছেন। তাই জঙ্গিসংক্রান্ত সব পদক্ষেপ হতে হবে রাজনৈতিক উদ্দেশ্যমুক্ত, নির্মোহ ও তথ্যভিত্তিক। কোনোভাবেই ‘জঙ্গি’ ইস্যু সামনে রেখে কারও ওপরে জুলুম করা যাবে না।






