চলমান জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানের মতো শ্রীমঙ্গলেও প্রায়ই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। এই বাস্তবতাকে মাথায় রেখেই নবদম্পতিকে ব্যতিক্রমী এক উপহার দিলেন বন্ধুদের একটি দল। ৫ লিটার অকটেন কে বোতলে ভরে সাজিয়ে নিয়ে আসেন তারা।
২৪ এপ্রিল শুক্রবার (বৌভাতের দিন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় এমন দৃশ্য দেখা যায়। এর আগে গত মঙ্গলবার উত্তরসুর গ্রামের সুমন পাল ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিবাহউত্তর বৌভাত অনুষ্ঠানে অতিথিরা যখন প্রচলিত উপহার সামগ্রী নিয়ে আসেন, তখন বরের ঘনিষ্ঠ বন্ধু রাজেশ, দীপ্ত, নারায়ন, রুপন ও রাজন হাজির হন একেবারেই ভিন্ন আয়োজন নিয়ে। তারা নবদম্পতির জন্য উপহার হিসেবে নিয়ে আসেন ৫ লিটার অকটেন, যা প্লাস্টিকের তিনটি বোতলে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়।
বন্ধুরা জানান, জ্বালানি সংকটের এই সময়ে নতুন দম্পতিকে যেন মোটরসাইকেলের তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে না হয়—এই ভাবনা থেকেই তাদের এই ব্যতিক্রমী উপহার।
এমন অভিনব উপহার পেয়ে নবদম্পতি যেমন আনন্দিত, তেমনি উপস্থিত অতিথিদের মাঝেও সৃষ্টি হয় ভিন্ন রকমের কৌতূহল ও হাস্যরসের পরিবেশ।