লালমনিরহাট কালীগঞ্জে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে। সকাল ১১টায় উপজেলা ডাক বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, মেহেরনগর শাখা পোস্ট মাস্টার আবু হোসেন মোহাম্মদ ফারুক, করিমপুর শাখা পোস্ট মাস্টার মুহম্মদ খাইরুল আলম, ভোটমারী শাখা পোস্ট মাস্টার মোঃ সিদ্দিক আলীসহ অনেকেই।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে তাঁরা পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যায় আছেন। বক্তারা তাঁদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করে তাঁরা দাবি করেন, যাতে অতি তাড়াতাড়ি তাঁদের এই দুই দাবি মেনে নেওয়া হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা ইউনিয়ন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা।
মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা ডাক বিভাগের সকল ইউনিয়ন শাখার কর্মচারী উপস্থিত ছিলেন।