চলতি বিশ্বকাপের মাঝেই ৩৯ বছরে পা দেবেন মেসি। অধিকাংশ ফুটবলারের ক্ষেত্রে এই বয়সকে ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে দেখা হলেও, মেসির ক্ষেত্রে সেই হিসাব মিলছে না। চার বছর আগে কাতারের মরুভূমিতে তিনি যা করেছিলেন, তার রেশ এখনো ফুটবল বিশ্বের স্মৃতিতে অমলিন। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। শুধু দলকে শিরোপা জেতানোই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন সবচেয়ে প্রভাবশালী ফুটবলার। সাত ম্যাচের পাঁচটিতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া এবং টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা ছিল সেই আধিপত্যেরই প্রতিফলন।
বিশ্বকাপের নতুন আসর সামনে রেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চার বছর আগের সেই মেসিকে কি আবার দেখা যাবে? বয়স কি তার খেলায় কোনো প্রভাব ফেলবে? স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-কে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে কোনো দ্বিধা দেখাননি দেম্বেলে, ‘অবশ্যই, তিনি যেকোনো সম্ভাব্য ট্রফি জিততে পারেন। বার্সেলোনায় থাকাকালীন আমি দেখেছি তিনি কী করতে পারেন।’
মেসির সামর্থ্য নিয়ে নিজের বিশ্বাস আরও স্পষ্ট করে দেম্বেলে বলেন, ‘তাতে কোনো কিছুই বদলাবে না। তিনি আমার দেখা সেরা, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা। তিনি এখনও খুবই বিপজ্জনক। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। তার বয়সটা হয়তো সেরকম, কিন্তু সেই গুণগুলো তার মধ্যে সবসময়ই থাকবে। তার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তিনি আবারও শিরোপা জিততে পুরোপুরিই সক্ষম।’
দেম্বেলের এই মন্তব্য শুধু একজন সাবেক সতীর্থের প্রশংসা নয়, বরং এমন একজন ফুটবলারের মূল্যায়ন, যিনি দীর্ঘ সময় ধরে মেসিকে কাছ থেকে দেখেছেন। বার্সেলোনায় কাটানো সময়টাতে ফরাসি ফরোয়ার্ড দেখেছেন কীভাবে একটি ম্যাচের গতিপথ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারেন আর্জেন্টাইন জাদুকর। বয়স বাড়লেও সেই অসাধারণ দৃষ্টি, নিখুঁত পাস, ম্যাচ পড়ার ক্ষমতা এবং বড় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এখনো অক্ষুণ্ন রয়েছে বলেই বিশ্বাস তার।
আর্জেন্টিনার জন্যও এটি স্বস্তির খবর। কারণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্নের কেন্দ্রে এখনো মেসিই। নতুন প্রজন্মের একঝাঁক প্রতিভাবান ফুটবলার দলে থাকলেও বড় ম্যাচে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তিনি। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং উপস্থিতি আর্জেন্টিনাকে অন্য মাত্রা দেয়।
তবে বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা শুরু হতে এখনো কয়েক দিন বাকি। ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে ১৭ জুন পর্যন্ত। সেদিন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে মেসির দল। আর সেই ম্যাচের আগে প্রতিপক্ষদের জন্য দেম্বেলের বার্তা পরিষ্কার-মেসির বয়স বাড়তে পারে, কিন্তু তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ এখনো নেই!