শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সোমবার সকালে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত সবাইকে পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম; রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।