রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনের বিভিন্ন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় শাহবাগ থানা পুলিশের এসআই আব্দুল গাফফার হিমেল।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আয়াস ও সাকিবুলের ৩ দিন ও বাকি ২ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
বিকাল ৪টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। শুনানির সময় আদালতের কাঠগড়ায় তাদের বেশ হাসিখুশি দেখা যায়।
তাদের আইনজীবী রিমান্ড আবেদন খারিজ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশ এই ঘটনায় শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করে শাহবাগ থানার পুলিশ।