বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দুদক এখনো অতীতের মতোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সংবাদ সম্মেলনে সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসংস্থানের কড়া সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে চাঁদাবাজির পথ উন্মুক্ত করে তারা নিজেদের দলের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল করাকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। একই সাথে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতা ও নৈরাজ্যমূলক মিছিল প্রতিহত করতে বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।