নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিমের ছেলে। স্থানীয়রা জানান, তেল নিতে যাওয়ার পথে একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।