সরকার জনগণের রায় অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনও ‘প্রতারণার দলিল’, কখনও ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।’
ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের পথ খুলে যাবে।