ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের অধিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এই সংঘর্ষ শুরু হয়ে দুই ঘন্টার অধিক সময় ধরে চলে। এ সময় দফায় দফায় হামলা ও পাল্টা হামলা হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ছাতক থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ফুটবল খেলার ফলাফলকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে আজ সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।