রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাহবুবর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের ( ৭২ ঘণ্টা) মধ্যে তদন্ত শেষ করে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের অভিযোগ থাকলেও সিসিটিভির ফুটেজ মুছে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে দায়ী পাওয়া যায়নি। এরপরও প্রশাসন তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, তদন্তের পর প্রত্যেকের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসন তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভা করবে।
আন্দোলনকারীরা ছয়টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে ছিল—মামলায় আসামিদের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার, জড়িতদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার, তদন্ত শেষ করে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার এবং যারা আর শিক্ষার্থী নন, তাদের সনদ বাতিল করে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা।
সিসিটিভির ফুটেজ মুছে ফেলা ও হামলাকারীদের সমর্থন করার অভিযোগে হলের প্রভোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এছাড়া ঘটনার সময় উপস্থিত থেকেও নিষ্ক্রিয় থাকার অভিযোগে প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।