রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে এখন সবজির সরবরাহ ভালো। ফলে সব ধরনের সবজির দামই আগের তুলনায় কমেছে। আর সবজির দাম কমায় ডিমের উপর চাপ কমেছে। এতে ডিমের দামও কম। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও পণ্যগুলোর দামের এই তথ্য তুলে ধরেছে। টিসিবির মাসিক তুলনামূলক তথ্যেও কয়েকটি পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তনের চিত্র পাওয়া গেছে।
দেশি রসুনের মাসিক মূল্যবৃদ্ধির হার ১৫ শতাংশ। বিপরীতে দেশি পেঁয়াজের দাম প্রায় ১১.১১ শতাংশ, লেবুর দাম ২৫ শতাংশ এবং শসার দাম ২৫ শতাংশ কমেছে। বাজারঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কমেছে। ফার্মের বাদামি ও সাদা রংয়ের ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমেছে। বাজারে বাদামি রংয়ের ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকা ডজন বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ১২০ থেকে ১৩০ টাকা।
অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি বাজারভেদে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি এখন ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা, রুই ২৮০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা , পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ইলিশের দাম বেশ চড়া। ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা।







